Image description

দুবাই বন্দরে নোঙর করা তাদের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে কুয়েত। সোমবার বিবিসির লাইভে এ কথা জানানো হয়েছে।

কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এই ঘটনাকে ‘একটি নৃশংস ইরানি বিমান হামলা’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, জাহাজটির কিছু ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় ‘আল সালমি ট্যাংকারটি’ তেলে সম্পূর্ণ বোঝাই ছিল, যার ফলে জাহাজে আগুন লেগে যায়। এই হামলায় একটি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তারা আরও জানিয়েছে, জাহাজের ২৪ জন নাবিকই নিরাপদ ও অক্ষত আছেন।

প্রাথমিকভাবে কুয়েত এই হামলার পর সম্ভাব্য তেল ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, পরিবেশগত কোনো প্রভাবের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, কুয়েত নিউজ এজেন্সির তথ্যমতে, কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ মোকাবিলা করছে।