এবার দক্ষিণ লেবাননের জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী জনগণের জন্য “জরুরি সতর্কতা” জারি করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী।
এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই বাসিন্দাদের অবিলম্বে নদীর উত্তর দিকে সরে যেতে বলেছেন এবং উল্লেখ করেছেন যে, এই এলাকায় থাকা “আপনাদের ও আপনাদের পরিবারের জীবন বিপন্ন করতে পারে”।
আদরাই বলেছেন, ওই এলাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং ইসরায়েলি সেনারা সেখানে “উল্লেখযোগ্য শক্তি” নিয়ে অভিযান চালাচ্ছে।
মার্চের শুরুতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং রাজধানীর দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বসবাসকারী লেবানিজ বেসামরিক নাগরিকদের জন্য ‘হয় চলে যাও, না হলে মরো’—এই ধরনের বর্ধিত হুমকি দিয়েছে।
জোরপূর্বক উচ্ছেদ এলাকাটি এখন লিতানি নদী থেকে জাহরানি নদীর ওপার পর্যন্ত বিস্তৃত, যা ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে অবস্থিত।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতে, এই আদেশগুলো ১,৪৭০ বর্গ কিলোমিটারেরও (৫৬৮ বর্গ মাইল) বেশি এলাকা জুড়ে রয়েছে – যা লেবাননের ভূখণ্ডের প্রায় ১৪ শতাংশ – এবং এটি ১০০টিরও বেশি শহর ও গ্রামকে প্রভাবিত করছে।
একই সময়ে, ইসরায়েলি স্থলবাহিনী দক্ষিণ লেবাননে তাদের উপস্থিতি জোরদার করছে এবং কর্মকর্তারা জানিয়েছেন যে এর লক্ষ্য হলো একটি “বাফার জোন” প্রতিষ্ঠা করা।




Comments