সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বর্তমান সরকারের বৈধতা এবং সংস্কারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, "সংবিধান সংস্কারের ইচ্ছা থাকলে শুরুতেই কেন বিপ্লবী (রেভল্যুশনারি) বা ট্রানজিশনাল সরকার গঠন করা হলো না? একটি সাধারণ সরকারের কাঠামোতে থেকে এবং পুরোনো সংবিধান মেনে নিয়ে আবার সেই সংবিধানকেই বাতিল করতে চাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়।" তিনি বর্তমান সংবিধানের প্রতি গাত্রদাহের কারণ জানতে চেয়ে প্রশ্ন করেন, এই সংবিধান কি একাত্তরের পরাজয়ের দলিল মনে করিয়ে দেয়?
আলোচনায় পার্থ বর্তমান শাসনব্যবস্থার একটি প্রবণতাকে গত আওয়ামী লীগ সরকারের আচরণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, "এখন কেউ কথা বললেই তাকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমাকে আওয়ামী লীগ আমলের কথা মনে করিয়ে দেয়; তখন তেলের দাম নিয়ে কথা বললেও বলা হতো আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই না।"
আন্দোলনে অবদানের বিষয়ে ক্রিকেটীয় উদাহরণ টেনে তিনি বলেন, "আপনারা শেষ ৬ বলে ১২ রান করে ম্যাচ জিতিয়েছেন ঠিকই, কিন্তু এর আগের ৩০০ রান আমরা ১৭ বছর ধরে রাজপথে থেকে করেছি। সুতরাং এমন কথা বলবেন না যাতে দেশবাসী বিভ্রান্ত হয়। আবু সাঈদের পাশাপাশি চট্টগ্রামের ওয়াসিম আকরামের অবদানও কম নয়।"
গণভোটের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে বিজেপি চেয়ারম্যান বলেন, "আপনারা চারটি বিষয় গণভোটে দিয়েছেন, কিন্তু ভোটারদের বাধ্য করেছেন 'হ্যাঁ' অথবা 'না' বলতে। কোনো ভোটার যদি তিনটি বিষয়ে একমত হয়ে একটিতে দ্বিমত পোষণ করেন, তবে তিনি কী করবেন? এই প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ।" তিনি আরও বলেন, ১৭ বছরের লড়াই ও ত্যাগের পর দেশবাসী একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া প্রত্যাশা করে।
মানবকণ্ঠ/আরআই




Comments