Image description

এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ। মঙ্গলবার সিঙ্গাপুরের মাটিতে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। পুরো ম্যাচে মুহুর্মুহু আক্রমণ শানিয়েও কেবল সঠিক ফিনিশিংয়ের অভাবেই জয়বঞ্চিত থাকল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথমার্ধের ৩১ মিনিটে সিঙ্গাপুরের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন হারিস স্টুয়ার্ট। ইখসান ফান্দির পাস থেকে পাওয়া বলে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তবে এর আগে ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু সমিত সোমের হেডটি গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে বক্সে ফাহিম ফাউলের শিকার হলে একটি পেনাল্টির জোরালো আবেদনও নাকচ করে দেন রেফারি।

সুযোগ নষ্টের খেসারত, প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। প্রেসিং ফুটবলের মাধ্যমে সিঙ্গাপুরকে কোণঠাসা করে ফেলে তারা। কোচ কাবরেরা আক্রমণের ধার বাড়াতে শাহরিয়ার ইমন, বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে মাঠে নামান। ম্যাচের ৭৯ মিনিটে সবচেয়ে বড় সুযোগটি পায় বাংলাদেশ; হামজা চৌধুরীর দুর্দান্ত ক্রস থেকে মিরাজুলের নেওয়া শটটি দুর্ভাগ্যবশত গোলপোস্টে লেগে ফিরে আসে। ৮৫ মিনিটে সমিত সোমের আরেকটি প্রচেষ্টা সিঙ্গাপুরের গোলরক্ষক রুখে দিলে হার নিশ্চিত হয় বাংলাদেশের।

এই হারের ফলে সিঙ্গাপুরের বিপক্ষে পাঁচবারের দেখায় তৃতীয় পরাজয় বরণ করল বাংলাদেশ। ফিনিশিংয়ের ব্যর্থতায় ভালো খেলেও ১-০ গোলের আক্ষেপ নিয়ে বাছাইপর্ব শেষ করতে হলো জামাল ভূঁইয়াদের।

মানবকণ্ঠ/আরআই