Image description

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধের ডামাডোলে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান কেবল বিশ্বকাপেই থাকছে না, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।

তুরস্কে ইরান বনাম কোস্টারিকার প্রীতি ম্যাচ চলাকালীন ইনফান্তিনো বলেন, "ইরান বিশ্বকাপে থাকছে, আর সেজন্যই আমি আজ এখানে এসেছি। তারা অত্যন্ত শক্তিশালী একটি দল এবং আমি তাদের প্রস্তুতি দেখে খুশি।"

ইরানের অংশগ্রহণ নিয়ে বিতর্ক চরমে ওঠে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, "নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে ইরানি দলের এই টুর্নামেন্টে আসা উচিত নয়।" এর জবাবে ইরান কড়া ভাষায় জানায় যে, কাউকেই বিশ্বকাপ থেকে তাদের বাদ দেওয়ার অধিকার দেওয়া হয়নি।

ইনফান্তিনো মঙ্গল বার বলেছেন, "আমরা চাই ইরান খেলুক এবং তারা এই বিশ্বকাপেই খেলতে যাচ্ছে। এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা নেই; আমাদের একমাত্র পরিকল্পনা হলো 'প্ল্যান এ'।"

তিনি আরও যোগ করেন, ইরান যাতে সেরা কন্ডিশনে থেকে বিশ্বকাপে অংশ নিতে পারে, ফিফা সেটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

​ইরানের ফুটবল সংস্কৃতি এবং তাদের যোগ্যতার প্রশংসা করে ফিফা প্রধান বলেন: ​"ইরান তাদের দেশের সাধারণ মানুষ এবং যারা বিদেশে থাকেন, সবার প্রতিনিধিত্ব করে। তারা খেলার মাঠের যোগ্যতায় অনেক আগেই এই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ইরান একটি ফুটবল পাগল দেশ।"

​বিশ্বের বর্তমান বিভাজন নিয়ে তিনি বলেন, "পৃথিবীতে অনেক বিভাজন থাকতে পারে, কিন্তু আমাদের কাজ হলো ফুটবলের মাধ্যমে একটি সেতু তৈরি করা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।