জাতীয় সংসদে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে দেশ। প্রথমবারের মতো সংসদ সদস্যদের (এমপি) সরাসরি প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আজকের কার্যসূচিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বুধবার প্রথম বারের মতো এই পর্বটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে সংসদের মুলতবি অধিবেশনে একজন সংসদ সদস্য প্রস্তাব করেন যে, প্রতি বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা হলে সংসদীয় সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে। স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে সংসদ সচিবালয় আজকের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ করেছে।
সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জাতীয় ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের করা প্রশ্নের উত্তর দেবেন। প্রথমবারের মতো এই প্রশ্নোত্তর পর্ব ঘিরে সংসদ এলাকায় ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments