অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবার খেলতে গিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দলটির ‘মৌসুমের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার (১ এপ্রিল) তাসমানিয়ার রাজ্য ক্রিকেট সংস্থা ‘ক্রিকেট তাসমানিয়া’ তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এই ঘোষণা দেয়।
রিশাদ হোসেন বর্তমানে পাকিস্তানে রয়েছেন এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নবাগত দল রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন। সেখান থেকেই তিনি এই বড় সাফল্যের খবর পান। গত ২৫ জানুয়ারি শেষ হওয়া বিগ ব্যাশের আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে রিশাদ ছিলেন অনন্য। পুরো আসরে তিনি শিকার করেছেন ১৫টি উইকেট, যা তার দলের পক্ষে সর্বোচ্চ। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্ট মিলিয়ে অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। সমান ১৫টি উইকেট নিয়ে রিশাদের পাশে ছিলেন পার্থ স্করচারসের কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লয়েড পোপ। পুরো টুর্নামেন্টে রিশাদের ইকোনমি রেট ছিল মাত্র ৭.৮২।
হোবার্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রিশাদের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যাটার নিখিল চৌধুরী (৩০৭ রান), অধিনায়ক নাথান এলিস (১৪ উইকেট) এবং ক্রিস জর্ডান (৭ উইকেট)। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বর্ষসেরার মুকুটটি নিজের করে নেন রিশাদ। অন্যদিকে মেয়েদের বিভাগে হোবার্টের সেরা খেলোয়াড় হয়েছেন ব্যাটার ড্যানি ওয়াইট হজ।
বিদেশের মাটিতে এমন বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম সুযোগেই রিশাদের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য এক গর্বের অধ্যায় হয়ে থাকবে। তার এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে।
মানবকণ্ঠ/আরআই




Comments