Image description

সংবিধান সংস্কারের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে বড় ধরনের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদ ভবন থেকে ওয়াকআউট করার পর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংবিধান সংস্কারের জন্য আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়েই এই আন্দোলন করব।’ তিনি আরও জানান, বিরোধী জোটের শরিক ১১টি দল খুব শীঘ্রই একত্রে বসে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এর আগে, সংসদের চলতি অধিবেশনে ‘জুলাই সনদ’ এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান দাবি করেন, বর্তমান সরকার যেভাবে একতরফাভাবে সংবিধান সংস্কারের পথে হাঁটছে, তা জনআকাঙ্ক্ষার পরিপন্থী। সংসদীয় প্রক্রিয়ায় দাবি আদায়ের সুযোগ সংকুচিত হওয়ায় তারা রাজপথকেই বেছে নেওয়ার ইঙ্গিত দেন।

বিরোধী দলের এই আন্দোলনের ডাক এবং সংসদ থেকে ওয়াকআউটের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ১১ দলীয় জোটের পরবর্তী বৈঠকের দিকেই এখন সবার নজর।

মানবকণ্ঠ/আরআই