গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামী দুলাল হোসেন রকির (৩৫) গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির হয়েছেন তার স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫)।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আহত দুলাল হোসেন রকি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
পুলিশ হেফাজতে থাকা রকির স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে। তিনি পেশায় গার্মেন্টকর্মী।
পুলিশ জানায়, পরকীয়ায় আসক্ত থাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বিরাজ করছিল। ঘটনার রাতে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। পরে স্বামী রকি ঘুমিয়ে পড়লে মধ্যরাতে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেয় স্ত্রী তানজিমা আক্তার। এ সময় রকির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রক্তমাখা ছুরি ও কাটা গোপনাঙ্গ নিয়ে থানায় হাজির হন তিনি। পরে পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের শেষে গ্রেফতার ঝিনুককে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।




Comments