জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট অডিট প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনেছে। দীর্ঘদিনের দাবি ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-ভ্যাট সিস্টেমে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ ব্যবহারের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ২০টি সুনির্দিষ্ট ঝুঁকি সূচক (রিস্ক ক্রাইটেরিয়া) এবং ঝুঁকির মাত্রা অনুযায়ী ওয়েটেজ নির্ধারণ করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ায় এখানে কোনো ধরনের ম্যানুয়াল বা ব্যক্তিগত হস্তক্ষেপের সুযোগ নেই। ফলে অডিট নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
নির্বাচিত ৬০০টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার সংখ্যা ৪০৫টি। এছাড়া ৯৮টি সেবাদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এই অডিটের তালিকায় স্থান পেয়েছে। নির্বাচিত এই প্রতিষ্ঠানগুলোর তালিকা এনবিআর-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এনবিআর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অডিট প্রক্রিয়ার ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যতে প্রয়োজনে রিস্ক ক্রাইটেরিয়া ও ওয়েটেজ পরিবর্তন করা হতে পারে। স্বয়ংক্রিয় এই পদ্ধতির ফলে ভ্যাট ব্যবস্থাপনায় যেমন গতিশীলতা আসবে, তেমনি রাজস্ব ফাঁকি রোধ করা সহজ হবে। একই সঙ্গে এটি করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং অডিট নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।
মানবকণ্ঠ/আরআই




Comments