আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনায় জানানো হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। অন্যদিকে, অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩ দিন আগে ট্রেজারি বা থানার লকারে রাখা প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে বিবরণী তালিকা মিলিয়ে দেখতে হবে। প্রশ্নপত্র যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্নপত্রের ২ সেট করে সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন আলাদাভাবে 'সিকিউরিটি' খামে প্যাকেট করে তাতে পরীক্ষার তারিখ ও বিষয় কোড লিখে সিলগালা করতে হবে।
পরীক্ষার দিনগুলোতে অত্যন্ত সতর্কতার সাথে ট্যাগ অফিসার ও পুলিশ প্রহরায় প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে আসতে হবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে সেট কোড পাওয়ার পর দায়িত্বরত কর্মকর্তাদের উপস্থিতিতে প্যাকেট খুলতে হবে। কোনোভাবেই নির্ধারিত সেট কোডের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা নেওয়া যাবে না। যদি এ ক্ষেত্রে কোনো ত্রুটি বা অবহেলা পরিলক্ষিত হয়, তবে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড।
এছাড়াও অব্যবহৃত প্রশ্নপত্রের খামগুলো অক্ষত অবস্থায় বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার সার্বিক স্বচ্ছতা বজায় রাখতে বোর্ড থেকে কেন্দ্র সচিবদের আরও বিস্তারিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments