Image description

রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেন পাইকারি দরে গোল পেয়েছে বার্সেলোনা। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বীদের জালে ১২ দিয়েছে কাতালান ক্লাবটি।

দুই লেগেই ৬টি করে গোল হজম করে লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

নারী চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগে রিয়ালকে ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে রিয়ালকে পাত্তাই দেয়নি ক্লাবটি। এর আগে প্রথম লেগে রিয়ালের মাঠে ৬-২ গোলে জিতেছিল তারা।

দুই লেগ মিলিয়ে ১২-২ গোলে এগিয়ে থেকে সেমি-ফাইনালের টিকেট পেয়েছে বার্সেলোনা। আগামী ২৫ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে নারী ক্লাব ফুটবলের প্রবল শক্তিধর দলটি।

চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগের মাঝে স্প্যানিশ লা লিগার ম্যাচেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিলেন অ্যালেক্সিয়া পুতেয়াস, ক্লাউদিও পেনারা।

এবার ফিরতি লেগের লড়াইয়ে অষ্টম মিনিটে আলতো ছোঁয়ায় জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নামা পুতেয়াস। সেটি যেন করে তালা ভাঙার কাজ। এরপর শুরু হয় একের পর এক গোল।

ম্যাচের ১৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। ম্যাচের বয়স আধঘণ্টা হওয়ার আগে স্কোরলাইন ৩-০ করে দেন আইরিন পারেদেস। আর ৩৪ মিনিটে ইউয়া পাজোর গোল করলে রিয়ালের জালে পূরণ হয় এক হালি।

বিরতির পর আর দুই গোলের বেশি করতে পারেনি বার্সেলোনা। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন হানসেন। আর ৭৪ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ২২ বছর বয়সী মিডফিল্ডার ইসমি ব্রুগটস।