টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চলা দীর্ঘদিনের অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়ন কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যম 'ফিনান্সিয়াল এক্সপ্রেস'-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত গত বছর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল এবং পরবর্তী সময়ে কূটনৈতিক সংবেদনশীলতার জেরে দুই বোর্ডের সম্পর্কে ফাটল ধরে। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা অজুহাত দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিবি। হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্ব থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিসিবি এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে। বিসিসিআইকে পাঠানো চিঠিতে তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়েছে বিসিবি:
১. গত সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা ছিল (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি), যা বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। বিসিবি এখন সেই সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে।
২. আগামী বছর ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে পুনরায় আলোচনার টেবিলে বসতে চায় বিসিবি।
৩. আগামী বছর এশিয়া কাপ আয়োজনের স্বত্ব বাংলাদেশের কাছে থাকায়, টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ।
তবে বিসিবি বন্ধুত্বের হাত বাড়ালেও বিসিসিআই এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। ভারতীয় বোর্ড স্পষ্ট করেছে যে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না।
বর্তমানে বাংলাদেশ দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের প্রস্তুতি নিচ্ছে। দুদল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ১৭ তারিখ প্রথম ওয়ানডের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments