চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “সুস্থ ও সবল জাতি গঠনে বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হবে এবং জাতিগতভাবে আমরা আরও শক্তিশালী হব।”
প্রতিমন্ত্রী আরও জানান, খেলোয়াড়দের কল্যাণে সরকার ‘ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া কার্ড’ চালু করেছে। এই কার্ডের মাধ্যমে খেলোয়াড়রা বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কক্সবাজারের উদীয়মান সার্ফাররা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য বড় ধরনের গৌরব ও সুনাম বয়ে আনবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেন এবং এর উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন।
কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments