বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের অস্থিরতা ও ভাঙন শুরু হয়েছে। একযোগে বোর্ডের ৭ জন পরিচালক পদত্যাগ করেছেন। তবে সহকর্মীদের এমন গণপ্রস্থানের পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি ইঙ্গিত দিয়েছেন, একা হলেও তিনি সভাপতির চেয়ার ছাড়বেন না।
পদত্যাগকারী সাত পরিচালক হলেন— ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম, মেহরাব আলম, মনজুর আলম, ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
বোর্ড গঠনের মাত্র ছয় মাসের মাথায় এমন নাজুক পরিস্থিতি তৈরি হলেও বিসিবি সভাপতি বুলবুল যেন নির্বিকার। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়—পরিচালক কমতে কমতে বোর্ড একসময় ‘অল-আউট’ হয়ে যাবে কি না? জবাবে সাবেক এই অধিনায়ক হাসতে হাসতে বলেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকব। কী করব? যাওয়ার জন্য আমিই হব শেষ ব্যক্তি।’
আমিনুল ইসলাম বুলবুলের এই মেয়াদে রাজনৈতিক কারণে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি, যাকে দেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে বুলবুল দাবি করেছেন, একটি ‘অদৃশ্য শক্তি’ বা এক্সটার্নাল ফোর্স বোর্ডকে নিয়মিত বাধা দিচ্ছে, যার ফলে তারা শান্তিতে কাজ করতে পারছেন না।
উল্লেখ্য, ফারুক আহমেদকে সরিয়ে প্রথমে অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। পরে বিতর্কিত এক নির্বাচনের মাধ্যমে পূর্ণ মেয়াদে সভাপতি হন তিনি। সেই নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজই জমা পড়েছে। এখন দেখার বিষয়, এনএসসির এই রিপোর্টের পর এবং পরিচালকদের গণপদত্যাগের মুখে বুলবুল কতক্ষণ তার ‘টেস্ট ইনিংস’ চালিয়ে যেতে পারেন।
মানবকণ্ঠ/আরআই




Comments