বর্তমান জ্বালানি সংকট মানুষের দৈনন্দিন জীবনে নতুন এক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে যারা নিয়মিত গাড়ি ব্যবহার করেন, তাদের জন্য তেলের খরচ এখন বড় একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অফিস, স্কুল-কলেজ কিংবা জরুরি কাজে যাতায়াতের জন্য গাড়ি অপরিহার্য হলেও ক্রমবর্ধমান জ্বালানি মূল্য অনেককে দুশ্চিন্তায় ফেলছে। তবে কিছু সচেতন অভ্যাস ও সহজ কৌশল অবলম্বন করলে এই বাড়তি খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
১. সঠিক গতি বজায় রাখুন
গাড়ি চালানোর সময় হঠাৎ গতি বাড়ানো বা কমানো তেলের অতিরিক্ত খরচ বাড়ায়। শহরে ৩০-৫০ কিমি/ঘণ্টা এবং হাইওয়েতে ৮০-১০০ কিমি/ঘণ্টার মধ্যে চালানো তেলের সাশ্রয় নিশ্চিত করে। ক্রুজ কন্ট্রোল ব্যবহার করলে দীর্ঘ দূরত্বে তেলের খরচ আরও কমানো সম্ভব।
২.অপ্রয়োজনীয় ইঞ্জিন চালু রাখা এড়িয়ে চলুন
অনেক সময় দাঁড়িয়ে থেকেও ইঞ্জিন চালু থাকে—এতে অযথা তেল নষ্ট হয়। ৩০-৬০ সেকেন্ডের বেশি থামলে ইঞ্জিন বন্ধ রাখা ভালো।
৩. নিয়মিত সার্ভিস করান
ইঞ্জিনের তেল, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ এবং টায়ার প্রেসার, এই সব নিয়মিত ঠিক থাকলে গাড়ি বেশি তেল খরচ করে না। ময়লাযুক্ত এয়ার ফিল্টার বা পুরনো ইঞ্জিন তেলের কারণে গাড়ি তেলের অকারণে বেশি ব্যবহার করে। তাই সময়মতো সার্ভিস করা অত্যন্ত জরুরি।
৪. হালকা ও প্রয়োজনমতো লোড রাখুন
গাড়িতে অপ্রয়োজনীয় ওভারলোড রাখা তেলের খরচ বাড়ায়। পেছনের ব্যাগেজ বা অতিরিক্ত জিনিসপত্র যত কম রাখবেন, ইঞ্জিন তত কম তেল খরচ করবে। হালকা গাড়ি চালানো মানে অর্থও বাঁচানো।
৫. হঠাৎ ব্রেক করা এড়িয়ে চলুন
রাস্তার হঠাৎ থামা বা হঠাৎ তীব্র গতি বাড়ানো ইঞ্জিনকে বেশি তেল ব্যবহার করতে বাধ্য করে। তাই চালানোর সময় সাবধানে ব্রেক ব্যবহার করুন। আর ধীরে ধীরে গতি বাড়ান।
৬. টায়ারের সঠিক এয়ার প্রেসার রাখুন
টায়ারের চাপ কম থাকলে গাড়ি বেশি শক্তি ব্যবহার করে এবং তেল খরচ বাড়ে। তাই প্রতি মাসে বা দীর্ঘ দূরত্ব যাত্রার আগে টায়ারের প্রেসার চেক করা উচিত।
৭. ছোট দূরত্বের জন্য গাড়ি না চালানো
যদি সম্ভব হয়, ছোট দূরত্বে গাড়ি না চালিয়ে হেঁটে যান বা সাইকেল ব্যবহার করুন। শহরের ছোট কাজের জন্য গাড়ি চালানো তেলের খরচকে অপ্রয়োজনীয়ভাবে বাড়ায়।
৮. গাড়ির গিয়ার সঠিকভাবে ব্যবহার করুন
ম্যানুয়াল গাড়ি চালানোর সময় হাই গিয়ার ব্যবহার করলে ইঞ্জিনের চাপ কমে। আর তেল খরচও কম হয়। অটো গিয়ার গাড়ির ক্ষেত্রেও দ্রুত ও ধীর এক্সিলারেশন থেকে তেলের সাশ্রয় করা সম্ভব।
৯. এয়ার কন্ডিশনার ব্যবহারে সচেতন হন
গরমে এয়ার কন্ডিশনার ব্যবহার না করলে তেলের খরচ কমে। যদি ব্যবহার করতে হয়, তবে মধ্যম সেটিংয়ে চালানো ভালো।
১০. ট্রাফিক এড়িয়ে চলুন
যতটা সম্ভব কম জ্যামের রাস্তা বেছে নিন। দীর্ঘ সময় জ্যামে থাকলে তেল বেশি খরচ হয়।
১১. বিকল্প চিন্তা করুন
যদি সম্ভব হয়—কারপুল, পাবলিক ট্রান্সপোর্ট বা সাইকেল ব্যবহার করার চেষ্টা করুন।
গাড়ি চালানোর সময় কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই তেলের খরচ অনেকটা কমানো সম্ভব। সঠিক গতি, নিয়মিত সার্ভিস, হালকা লোড, সাবধানী ব্রেক ও এক্সিলারেশন ঠিকঠাক ভাবে মানুন। এগুলো মেনে চললে আপনার গাড়ি হবে তেলের দিক থেকে অনেক বেশি সাশ্রয়ী।




Comments