ইউরোপের উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে আবারও বড় ধরনের ট্র্যাজেডির শিকার হয়েছেন অভিবাসনপ্রত্যাশীরা। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) গত রোববার এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকৃত ৩২ জনের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, গত শুক্রবার রাতে লিবিয়ার তাজুরা বন্দর থেকে একটি হালকা নৌকায় করে তারা প্রায় ১০০ জনেরও বেশি মানুষ সমুদ্রপথে যাত্রা করেছিলেন। কিন্তু সাগরের উত্তাল ঢেউ আর বৈরী আবহাওয়ার মুখে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং লিবিয়ার জলসীমার মধ্যেই সেটি উল্টে যায়।
জার্মান উদ্ধারকারী সংস্থা ‘সি-ওয়াচ’ জানায়, শনিবার তাদের একটি পর্যবেক্ষণ বিমান সমুদ্রে ভাসমান উল্টে যাওয়া একটি কাঠের নৌকা দেখতে পায়। সেখানে দেখা যায়, অন্তত ১৫ জন মানুষ প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে নৌকার কাঠামো ধরে ঝুলে আছেন। পরবর্তীতে ইতালীয় কোস্ট গার্ড ও লিবিয়ান কোস্ট গার্ডের সমন্বিত অভিযানে একটি ইতালীয় ও একটি লাইবেরিয়ান বাণিজ্যিক জাহাজ উদ্ধারকাজে অংশ নেয়।
উদ্ধারকৃতদের পরবর্তীতে ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এই দ্বীপটি দীর্ঘদিন ধরেই অনিয়মিত অভিবাসীদের ইউরোপে প্রবেশের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আইওএম-এর তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৩৩ হাজার ৪৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। চলতি বছরেই এই সংখ্যা ৭২৫ ছাড়িয়েছে। গত ফেব্রুয়ারিতেও এমন এক দুর্ঘটনায় অন্তত ৫৩ জনের সলিলসমাধি ঘটেছিল। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে প্রতি বছরই শত শত বাংলাদেশি এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে অকালে ঝরে যাচ্ছেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস
মানবকণ্ঠ/আরআই




Comments