Image description

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষে ৬৪ জন বাংলাদেশিসহ মোট ১২৭ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৬ এপ্রিল) কুয়ালালামপুরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের বিতাড়িত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, ফেরত পাঠানো বন্দিদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। মোট ১২৭ জনের মধ্যে ৬৪ জনই বাংলাদেশি নাগরিক। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। তালিকায় আরও রয়েছেন ৪ জন ভারতীয়, ১২ জন পাকিস্তানি, ৬ জন নেপালি, ৬ জন ভিয়েতনামের এবং থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার একজন করে নাগরিক।

এসব বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং সিনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে আকাশপথে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মালয়েশীয় কর্তৃপক্ষ জানায়, ফেরত পাঠানো ব্যক্তিরা মাদক আইন, ইমিগ্রেশন আইন এবং নির্যাতন বিরোধী আইনসহ দেশটির বিভিন্ন কঠোর ধারায় দণ্ডিত ছিলেন। কারাগারে তাদের নির্ধারিত মেয়াদে সাজা ভোগ শেষ হওয়ার পরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ফেরত পাঠানো প্রত্যেক নাগরিকের নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। এর ফলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। অবৈধ পথে প্রবেশ বা আইনি জটিলতায় জড়িয়ে প্রতি বছরই অনেক বাংলাদেশি এভাবে বিদেশের মাটিতে জেল খেটে নিঃস্ব হয়ে দেশে ফিরছেন।

মানবকণ্ঠ/আরআই