আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ সুগম করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীর মাধ্যমে গুম (Enforced Disappearance)কে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিলের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এ সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সঠিক আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের এই আইনটি পর্যালোচনা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এর আগে গুম মানবতাবিরোধী অপরাধের তালিকায় ছিল না। বর্তমান সংশোধনের মাধ্যমে তা অন্তর্ভুক্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিলটি পাসের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্ধারিত সময়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
আলোচনার এক পর্যায়ে স্পিকার আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে সংসদের আলোচনার মধ্যে বক্তব্য সীমাবদ্ধ রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট সংশোধনের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। সংশ্লিষ্টদের মতে, বিলটি পাসের ফলে গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments