হামের প্রাদুর্ভাব রোধে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্যখাতে অবহেলার কারণে দেশে হামের ঝুঁকি বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করে।
এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সবার জীবন’-এর গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, ‘সবাইকে বিজ্ঞানের সঙ্গে থাকতে হবে। বিজ্ঞানের বাইরে থাকলে সঠিক রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে হামের প্রাদুর্ভাবের পেছনে টিকাবিরোধী প্রচার ও কুসংস্কার অন্যতম কারণ।’
তিনি আরও বলেন, গত ১২ মার্চ থেকে এপ্রিলের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ময়মনসিংহ হামের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
স্বাস্থ্যখাতের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশে মেডিকেল রিসার্চ কাউন্সিল থাকলেও সেখানে গবেষণার জন্য বরাদ্দ অত্যন্ত নগণ্য। মাত্র দুই থেকে পাঁচ লাখ টাকায় গবেষণার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্ভব নয়। এর ওপর জার্নাল রিভিউতে ২৩ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় ব্যয় আরও বেড়েছে। তাই বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘করোনার সময় বরাদ্দ দেওয়া ত্রাণ তৎকালীন ক্ষমতাসীনদের বাড়িতে পাওয়া গেছে। গত ১৫ বছরে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি এবং অন্তর্বর্তীকালীন সময়েও এ খাতে যথেষ্ট নজর দেওয়া হয়নি।’
অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মী ও নার্সরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments