গাজীপুরে ‘বিগ্রেডিয়ার সাজ্জাদ’ পরিচয়ে প্রতারণার চেষ্টা, ট্রুকলারে ‘বাটপার প্রোম্যাক্স’
গাজীপুরে সেনা কর্মকর্তা পরিচয়ে একাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে ‘ব্রিগেডিয়ার সাজ্জাদ’ পরিচয় দিয়ে একটি চক্র হোয়াটসঅ্যাপ ও ফোনের মাধ্যমে সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ও ভেরিফিকেশন কোড হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে ট্রুকলার অ্যাপে ওই নম্বরটির নাম ‘বাটপার প্রোম্যাক্স’ হিসেবে প্রদর্শিত হওয়ায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভুক্তভোগী সংবাদকর্মীদের সূত্রে জানা গেছে, +৮৮০ ১৮৮৭-১৩৪২৯৮ নম্বরটি থেকে প্রথমে মেসেঞ্জারে যোগাযোগ করে একটি লিংকে প্রবেশ করতে বলা হয়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন কোড চেয়ে অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চালায় প্রতারক চক্রটি। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য প্রতারক তার প্রোফাইলে সামরিক ইউনিফর্ম পরা একটি ছবিও ব্যবহার করছে।
এই প্রতারণার শিকার হওয়া দৈনিক কালের কণ্ঠের গাজীপুর প্রতিনিধি রিপন আনসারী মানবকণ্ঠ-কে জানান, "আমাকে ফোন করে বলা হয় যে আমার নম্বর সেনাবাহিনীর সার্ভারে ঢুকে গেছে। একটি লিংক পাঠিয়ে বলা হয় সেখানে ঢুকলে নম্বরটি রিমুভ হবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমি কলটি কেটে দেই এবং তাৎক্ষণিকভাবে গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পকে বিষয়টি অবহিত করি।"
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওই বিতর্কিত নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে ট্রুকলার অ্যাপে নম্বরটি সার্চ করলে ‘বাটপার প্রোম্যাক্স’ নাম আসায় নিশ্চিত হওয়া যায় যে এটি একটি পেশাদার প্রতারক চক্রের কাজ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাহেব আলী পাঠান মানবকণ্ঠ-কে বলেন, "এ ধরনের প্রতারণার ক্ষেত্রে ভুক্তভোগীদের অবশ্যই নিকটস্থ থানায় লিখিত অভিযোগ করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
সংশ্লিষ্টরা সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সতর্ক করে জানিয়েছেন, কোনো অচেনা নম্বর থেকে আসা লিংকে ক্লিক করা বা ব্যক্তিগত ভেরিফিকেশন কোড শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক কিছু মনে হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments