Image description

ইরান যদি ওয়াশিংটনের সাথে হওয়া চুক্তি পুরোপুরি মেনে চলতে ব্যর্থ হয়, তবে দেশটি আবারও ভয়াবহ হামলার মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) মার্কিন সময় অনুযায়ী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি তেহরানকে এই কড়া বার্তা দেন।

চুক্তি ভঙ্গের পরিণতি নিয়ে ট্রাম্প লেখেন, “যদি কোনো কারণে চুক্তি মানা না হয়—যদিও এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম—তবে আবারও গোলাবর্ষণ শুরু হবে। আর এবারের হামলা হবে আগের চেয়ে আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালী; যা আগে কেউ কখনও দেখেনি।”

ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এল যখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে। তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি স্থায়ীভাবে এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে।

রয়টার্সের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফেরাতে ওয়াশিংটন যে কঠোর অবস্থানে রয়েছে, ট্রাম্পের এই বার্তার মাধ্যমে সেটিই ফুটে উঠেছে। তেহরান যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তবে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট সংকেত দিয়েছেন।

সূত্র: রয়টার্স

মানবকণ্ঠ/আরআই