রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এখন থেকে কোনো দোকান বা প্রতিষ্ঠান ফুটপাত দখল করে মালামাল রাখলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোনো শপিংমল বা মার্কেটের সামনের ফুটপাতে কোনো প্রকার পণ্য বা মালামাল রাখা যাবে না। যারা ইতোমধ্যে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন বা মালামাল স্তূপ করে রেখেছেন, তাদের নিজ উদ্যোগে অবিলম্বে সেসব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। নিয়ম লঙ্ঘনকারী সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। এছাড়া বিদ্যমান আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সিটি কর্পোরেশন।
ডিএসসিসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তাদের উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো প্রভাবশালী মহলের চাপে এই কার্যক্রম থামবে না বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments