Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে পেটানোর পর রগ কেটে হত্যা অভিযোগ উঠেছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মোহাম্মদ শামীম। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে।

‎বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।

পুলিশ ও পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

‎নিহতের ভাই মো. সেলিম জানান, অনেক অভাব অনটনের দিন কাটছিল শামীমের। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করার কারণে আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাবার বাড়িতে যান। শামীমও সন্ধ্যায় ওখানে যান।

‎রাত ৮টার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাকে স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে থেকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে। পরে লাশ বেড়িবাঁধ তলতলা নাম স্থানে ফেলে রেখে যায়।

‎তিনি আরও বলেন, আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল তাদের। পূর্বশত্রুতার জেরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তাকে হত্যা করে জাফর ও ইরানরা।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

‎তিনি বলেন, যারা হত্যা করেছে, আর যে হত্যার শিকার হয়েছে, তাদের কারো পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।