নতুন বছর বরণকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে এখন উৎসবের আমেজ। পুরোনো বছরকে বিদায় জানাতে পাহাড়ে চলছে নানা আয়োজন। খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বৈসু উদযাপন। রাঙামাটিতে আদিবাসী ফোরামের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী আয়োজন।
পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে ত্রিপুরাদের প্রধান উৎসব বৈসু। খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকালে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বৈসুর আয়োজন। শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, গয়না এবং বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ।
বৈসু উদযাপন কমিটি সদস্য সচিব ধনেশ্বর ত্রিপুরা জানান, সংস্কৃতির মাধ্যমে ঐক্যের বন্ধন রচিত হওয়ার পাশাপাশি পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা তাদের।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিজু-বিহু উপলক্ষে রাঙামাটিতেও আদিবাসী ফোরামের উদ্যোগে চলছে বর্ণিল সব আয়োজন। বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীরা।
পাহাড়ের নিজস্ব সুর ও নাচের ছন্দে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণিল শোভাযাত্রা।




Comments