Image description

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে শুক্রবার (১০ এপ্রিল) সর্বসম্মতিক্রমে ২০টি বিল পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে এসব বিল পাস হয়, যার মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল চূড়ান্ত অনুমোদন লাভ করে।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এগুলোর বিষয়ে পর্যালোচনা করে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত অবস্থায় এবং ১৫টি সংশোধনীসহ পাসের সুপারিশ করে। এছাড়া, ৪টি অধ্যাদেশ বাতিল এবং বাকি ১৬টি আরও যুগোপযোগী ও শক্তিশালী করে নতুন বিল আকারে সংসদে আনার প্রস্তাব দেয় কমিটি।

সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। ফলে সংসদে এ নিয়ে দীর্ঘ কোনো আলোচনা হয়নি এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের উত্থাপনের পর তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

পাস হওয়া উল্লেখযোগ্য বিল ও উত্থাপনকারী মন্ত্রীরা হলেন:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের: ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী: ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’, ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬’।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু: ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ এবং ‘বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, ২০২৬’।

শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬’ এবং ‘বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল, ২০২৬’।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম: ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, ২০২৬’ এবং ‘সাইবার সুরক্ষা বিল, ২০২৬’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী: ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন: ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২৬’।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান: ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে): ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’।

সূত্র: বাসস

মানবকণ্ঠ/আরআই