Image description

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের ক্ষেত্রে সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জানা যায়, বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতা লঙ্ঘন করে বিলটি সংশোধিত আকারে পাস করার প্রতিবাদে সরকারি দলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। বিলটি নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দীর্ঘ বিতর্ক হয়। সংসদে প্রবল আপত্তি থাকা সত্ত্বেও বিলটি পাস হয়ে গেলে বিরোধীদলীয় নেতা আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের অন্য সদস্যরা একে একে বেরিয়ে যান।

ওয়াকআউটের আগে ডা. শফিকুর রহমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোরও অভিযোগ আনেন। ক্ষোভ প্রকাশ করে তিনি সংসদে বলেন, “আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম।”

উল্লেখ্য, চলতি সংসদ অধিবেশনে এটি বিরোধী দলের চতুর্থ ওয়াকআউটের ঘটনা। এর ঠিক আগের দিনও একটি ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন।

মানবকণ্ঠ/আরআই