সাকিব আল হাসানকে দেশে ফেরানোর বিষয়ে এবার খোলামেলা কথা বলেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি মনে করেন, সাকিবের দেশে ফেরা অবশ্যই সম্ভব, তবে এর জন্য কেবল কথার ফুলঝুরি নয়, প্রয়োজন সরকারের নমনীয়তা এবং আইনি বিষয়গুলোর বাস্তবসম্মত সমাধান।
শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিঠুন জানান, সাকিবের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে কারও কোনো সন্দেহ নেই। তিনি দেশে ফিরলে দেশের সব ক্রিকেটপ্রেমীই আনন্দিত হবেন। তবে সাকিবের ফেরা নিয়ে বাস্তব কাজের চেয়ে ‘স্ট্যান্ডবাজি’ বেশি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মিঠুন বলেন, অনেকেই স্রেফ সংবাদমাধ্যমে আসার জন্য সাকিবের নাম ব্যবহার করছেন। সত্যি কেউ তার উপকার করতে চাইলে সরকারের সঙ্গে আলোচনা করে তার সমস্যাগুলোর সঠিক সমাধানের পথ খোঁজা উচিত, যাতে তিনি দ্রুত দেশে ফিরতে পারেন।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিস্থিতি এবং তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ নিয়েও কথা বলেন মিঠুন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটার ও বোর্ডের বিরুদ্ধে চলমান সমালোচনাকে তিনি একটি ‘বট বাহিনীর’ পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। না বুঝে নেতিবাচক মন্তব্যের কারণে ক্রিকেটারদের বর্তমান ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তবে এসব নেতিবাচক প্রচারণায় বিচলিত নন কোয়াব সভাপতি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দিনশেষে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আবেগের জায়গা এই ক্রিকেট। তামিম ইকবালের লক্ষ্য অনুযায়ী ক্রিকেটের হারানো ভাবমূর্তি আবারও ফিরে আসবে এবং পরিকল্পিত এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে। কারণ মানুষ শেষ পর্যন্ত মাঠে এসে খেলা দেখবে এবং খেলোয়াড়দের ভালোবেসেই যাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments