Image description

পাকিস্তানের আফগানিস্তান নীতি নিয়ে সমালোচনা করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।

তিনি বলন, গত চার দশক ধরে ইসলামাবাদ প্রায়ই প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে জঙ্গিবাদ ও উগ্রবাদ ব্যবহার করেছে। এই কৌশল ধারাবাহিকভাবে আফগানিস্তানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং সহিংসতার চক্রকে উসকে দিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে হামিদ কারজাই এসব কথা বলেন। চিঠিতে পাকিস্তানের সাম্প্রতিক আফগান ভূখণ্ডে হামলাগুলোর প্রকাশ্যে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর আফগানিস্তান ইন্টারন্যাশনালের। 

এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে হামিদ কারজাই বলেন, এগুলো আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে।

কারজাই বলেন, এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং আফগানিস্তানের জাতীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সীমান্তপারের এই আগ্রাসন অব্যাহত থাকলে তা ইতোমধ্যেই অস্থির অঞ্চলে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কূটনৈতিক চ্যানেল ও আন্তর্জাতিক ব্যবস্থাগুলো কাজে লাগিয়ে যেন ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন প্রতিরোধ করা যায়।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় পদক্ষেপ উত্তেজনা কমাতে পারে এবং গভীরতর আঞ্চলিক সংকট এড়াতে সহায়তা করতে পারে।