জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যেন কোনো বিশেষ রাজনৈতিক দলের ব্যানারে নিজেদের সীমাবদ্ধ না রাখেন, সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করে অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটি ‘অলিখিত সমঝোতা’ তৈরি হয়েছে। তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। এই রাজনৈতিক সমীকরণের কারণেই জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলাকারী এবং খুনের মামলার আসামিরা বর্তমানে জামিন পেয়ে যাচ্ছে।”
বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধী দলের ওপর জুলুম চালিয়েছিল, বিএনপি ক্ষমতায় আসার পর সেগুলো সংস্কার না করে বরং নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। এ কারণেই তারা গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করেছে। সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি যদি মনে করে তারা বিরোধী দলের কবর খুঁড়বে এবং সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবে, তবে সেই কবরে তাদের জায়গাই সবার আগে হবে।”
শহীদ পরিবার ও আহতদের অরাজনৈতিক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আপনারা দয়া করে কোনো প্রলোভন বা কিছুর বিনিময়ে বিভাজিত হয়ে গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনাদের আমরা কোনো দলের ব্যানারে দেখতে চাই না। আপনারা সবসময় দেশের মানুষের আকাঙ্ক্ষার পক্ষে থাকবেন।”
সারজিস আলম আরও বলেন, জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমানে জামিনে মুক্ত আসামিরা অনেক শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি এই পরিস্থিতির তীব্র নিন্দা জানান এবং এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানবকণ্ঠ/আরআই




Comments