লিওনেল মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ভালোবাসার টানে এক দুঃসাহসিক অভিযানে নেমেছেন তিন আর্জেন্টাইন বন্ধু। প্রিয় তারকা ও দলকে বিশ্বকাপে খেলতে দেখার স্বপ্ন নিয়ে তারা সাইকেলে পাড়ি দিচ্ছেন দীর্ঘ ১৭ হাজার কিলোমিটার পথ। ফুটবল পাগল এই তিন বন্ধুর এই যাত্রা ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।
ভিসেন্তে কনকুলিনি, মিগুয়েল সিলিও এবং ইয়ামান্দু মার্তিনেজ নামের এই তিন বন্ধু ২০২৫ সালের ১৬ আগস্ট আর্জেন্টিনার গুয়ালেগুয়াইচু শহর থেকে তাদের যাত্রা শুরু করেন। প্রায় ১০ মাস সময় নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই ভ্রমণের বড় অংশ তারা ইতোমধ্যেই পাড়ি দিয়েছেন। বর্তমানে তারা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকোতে অবস্থান করছেন। দীর্ঘ এই পথচলায় তারা গুয়াতেমালা, হন্ডুরাস, কোস্টারিকা, পানামা, ইকুয়েডর, পেরু ও ব্রাজিলের মতো একাধিক দেশ অতিক্রম করেছেন।
তাদের চূড়ান্ত গন্তব্য যুক্তরাষ্ট্রের কানসাস সিটি। সেখানে আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। সেই ম্যাচে গ্যালারিতে বসে মেসিদের সমর্থন জানানোই এই তিন বন্ধুর মূল লক্ষ্য। ভিসেন্তে কনকুলিনির ভাষায়, শুধু খেলা দেখা নয়, এই দীর্ঘ যাত্রার প্রতিটি মুহূর্তই তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা।
প্যান-আমেরিকান হাইওয়ে ধরে চলার পথে তারা বিভিন্ন দেশের সংস্কৃতি, মানুষের জীবনযাপন এবং প্রাকৃতিক সৌন্দর্যের মুখোমুখি হচ্ছেন। এই রোমাঞ্চকর অভিযানের গল্প তারা নিয়মিত শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইতোমধ্যে তাদের ইনস্টাগ্রাম পেজে প্রায় ১৪ হাজার অনুসারী যুক্ত হয়েছেন। এক ভিডিও বার্তায় তারা মেসির উদ্দেশে জানিয়েছেন, তারা শুধু মেসির খেলা দেখতেই আসছেন না, বরং তার সঙ্গে বসে ঐতিহ্যবাহী আর্জেন্টাইন পানীয় ‘মাতে’ ভাগ করে নেওয়ার স্বপ্নও দেখেন তারা। ফুটবলের প্রতি এমন গভীর আবেগ ও ত্যাগ সত্যিই বিরল।
মানবকণ্ঠ/আরআই




Comments