বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও চালু হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন। হুমায়ুন কবির জানান, ভারতের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব দেখা গেছে। তিনি আরও বলেন, “যদি দুই দেশের মানসিকতা ইতিবাচক থাকে, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।”
মানবকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের দিল্লি সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের ধারাবাহিকতায় এই ভিসা চালুর ঘোষণা এল।
এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে ভারতে যাতায়াতকারী হাজার হাজার বাংলাদেশি নাগরিকের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments