Image description

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে চলেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স বিজনেসের উপস্থাপিকা মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে সংঘাত প্রশমিত হওয়ায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার “খুব কাছাকাছি” চলে এসেছে।

‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “আমার মনে হয় এটা প্রায় শেষ, হ্যাঁ। আমি এটাকে প্রায় শেষ হয়ে এসেছে বলেই মনে করি,”।  

এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন পাকিস্তানে সপ্তাহান্তে আলোচনা থমকে যাওয়ার পর, মার্কিন কর্মকর্তা ও ইরানি আলোচকদের মধ্যে শান্তি আলোচনা বৃহস্পতিবার পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে মার্কিন বোমাবর্ষণ অভিযান স্থগিত রাখার পর, সোমবার ট্রাম্প ইরানের সব বন্দরে নৌ অবরোধ আরোপ করেছেন।

ট্রাম্প বলেছেন, উত্তেজনা হ্রাসের লক্ষণ সত্ত্বেও মার্কিন অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আমি যদি এখনই সবকিছু গুটিয়ে নিই, তবে সেই দেশটি পুনর্গঠন করতে তাদের ২০ বছর সময় লাগবে। আর আমাদের কাজ এখনো শেষ হয়নি। দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা একটি চুক্তিতে আসতে খুবই আগ্রহী।”

এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সপ্তাহান্তে পাকিস্তানে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

জানা গেছে, আলোচনায় কোনো যুগান্তকারী অগ্রগতি হয়নি, যদিও ভ্যান্স সোমবার বলেছেন যে “অনেকটা অগ্রগতি” হয়েছে। 

তিনি বলেন, “সিদ্ধান্ত এখন পুরোপুরি তাদের হাতে,” এবং যোগ করেন যে, “এরপর কী ঘটবে তা ইরানিরাই নির্ধারণ করবে।”