Image description

বাংলা নববর্ষের আয়োজন শুধু উৎসব নয়, বরং এটি দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বৈশাখের এই আয়োজন সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য প্রকাশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ডিসি হিল প্রাঙ্গণে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের মধ্যে সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয় এই আয়োজনের মধ্য দিয়ে ফুটে উঠেছে।

মীর হেলাল বলেন, সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে একটি শৈল্পিক ও সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। কোনো আয়োজনকে যদি শুধু আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয়, তবে তা কখনো এত সুন্দর হয়ে ওঠে না বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের সফলতার পেছনে মঞ্চের সামনে ও পেছনে কাজ করা সকলের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন পর একটি ব্যতিক্রমধর্মী আয়োজন সম্ভব হয়েছে। নববর্ষকে ঘিরে র‍্যালি, আবৃত্তি, নৃত্য ও সংগীতের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

শেষে তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই চেতনা ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং বিভাগীয় কমিশনার জাহিদুল ইসলাম মিঞা।