বেকারত্ব নিরসন ও প্রশাসনিক গতিশীলতা আনয়নে সরকার বড় ধরনের কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। সারাদেশে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদের বিপরীতে ৫ লাখ নতুন কর্মচারী নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।
একটি লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ৫ লাখ নিয়োগের এই বিশাল পরিকল্পনার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে ২৮৭৯টি শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
সংসদে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে সরকার কাজ করছে। প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে জমি নির্ধারণ করে উন্মুক্ত খেলার মাঠ ও অবকাঠামো তৈরির কর্মকৌশল নির্ধারণে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
প্রযুক্তি খাতের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, দেশে হাই-টেক ও সফটওয়্যার পার্কগুলোকে আরও কার্যকর করা এবং বাংলাদেশে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক অর্থ লেনদেন মাধ্যম ‘পেপাল’ এর কার্যক্রম শুরু করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পেপাল চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জনকে ইতিমধ্যে ভাতা প্রদান করা হয়েছে।
এছাড়া উচ্চশিক্ষার জন্য বিদেশগামী বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ব্যাংক ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এখন থেকে ‘সার্টিফিকেট অব ইলিজিবেলিটি’র ভিত্তিতে শিক্ষার্থীরা আরও সহজে এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments