Image description

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের উপসর্গ বা সন্দেহভাজন হামজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত সারাদেশে ৩ হাজার ৬৫ জন ব্যক্তি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, হামের লক্ষণ বা সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ার চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৩ হাজার ১২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের ক্ষেত্রে এটি বেশি ঝুঁকিপূর্ণ। হঠাৎ এই প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ সতর্কতা অবলম্বন এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর