লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সময়কালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরাঘচি জানান, লেবানন যুদ্ধবিরতির শর্ত ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত ১০ দিনের সময়সীমাজুড়ে হরমুজ প্রণালির মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি নির্বিঘ্ন থাকবে। এই সময়ে জাহাজ চলাচলে তেহরানের পক্ষ থেকে কোনো বাধা বা সীমাবদ্ধতা আরোপ করা হবে না।
তবে তিনি একটি বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা পূর্বে যে সমন্বিত ও নিয়ন্ত্রিত নৌপথ ঘোষণা করেছিল, জাহাজগুলোকে সেই নির্ধারিত রুট অনুসরণ করেই চলাচল করতে হবে। এতে করে নৌপরিবহনে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় থাকবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই ঘোষণা আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাণিজ্যিক নৌ চলাচল সচল রাখার একটি স্পষ্ট বার্তা। এর আগে হরমুজ প্রণালি বন্ধ থাকা নিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও বিশ্ব বাণিজ্যে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।
সংবাদ সংস্থা আলজাজিরার বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে সাময়িক স্বস্তি ফিরিয়ে আনবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments