Image description

দীর্ঘ কয়েক সপ্তাহের চরম উত্তেজনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আর এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। সমুদ্রপথটি উন্মুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ এই রুটটি কার্যত বন্ধ ছিল। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটে এবং তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। তবে এখন রুটটি পুনরায় চালু হওয়ায় জ্বালানি সরবরাহ দ্রুতই স্বাভাবিক হবে—এমন আশায় বিনিয়োগকারীরা তাদের তেলের মজুত ছাড়তে শুরু করেছেন।

আন্তর্জাতিক তেলের বাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়। তাই এটি খুলে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে চলমান জ্বালানি সংকটের দ্রুত অবসান।

হরমুজ প্রণালি খোলার এই স্বস্তিদায়ক খবরের পর তেলের দামের এই নিম্নমুখী প্রবণতা বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।

সূত্র: দ্য গার্ডিয়ান।

মানবকণ্ঠ/আরআই