ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’কে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। একজন রকস্টারের জীবনযাত্রার উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার দ্বিতীয় পোস্টার বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। নতুন এই পোস্টারে রোমান্টিক আবহে শাকিব খানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সাবিলা নূরকে।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে দুজনকে ঘনিষ্ঠ মুহূর্তে বসে থাকতে। শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা নূর, আর সেই মুহূর্তের আবেশে ডুবে শাকিব খানও চোখ বন্ধ করে অনুভব করছেন ভালোবাসার আবহ।
শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে।”
এটি শাকিব খান ও সাবিলা নূর জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন তারা। গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরুর পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে ‘রকস্টার’ সিনেমার কাজ।
এর আগে ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছিল সিনেমাটির প্রথম পোস্টার। সেখানে ভিন্ন লুকে হাজির হয়েছিলেন তিনি—চোখে সানগ্লাস, শরীরে ট্যাটু, গলায় চেইন ও আধুনিক স্টাইলে এক রকস্টারের চরিত্র ফুটে উঠেছিল।
‘রকস্টার’ সিনেমাটি নির্মিত হচ্ছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা আজমান রুশো। নির্মাতা জানান, শাকিব খানের ভাবনা থেকেই এই সিনেমার গল্পের সূচনা। পর্দায় রকস্টার চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন শাকিব খান নিজেই, যার পরিপ্রেক্ষিতেই গল্পটি তৈরি করা হয়।
আজমান রুশো বলেন, নির্মাণে আসার আগে তিনি একজন মিউজিশিয়ান ছিলেন এবং সে সময় সংগীতশিল্পীদের জীবনঘনিষ্ঠ নানা অভিজ্ঞতা তাকে অনুপ্রাণিত করেছে। সেই অভিজ্ঞতা থেকেই ‘রকস্টার’-এর মতো একটি গল্প পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছেন তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments