ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার ভালপারাই পাহাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার কেরালা থেকে আসা একটি পর্যটকবাহী ভ্যান পাহাড়ি সড়কের একটি ঝুঁকিপূর্ণ বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, কোয়েম্বাটোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর শুনে তিনি অত্যন্ত মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, কেরালার মালাপ্পুরম জেলা থেকে ১৩ জন যাত্রী নিয়ে ভ্যানটি ভালপারাই-পোল্লাচি পাহাড়ি সড়ক দিয়ে নামছিল। পথে ১৩ নম্বর হেয়ারপিন বাঁকের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সুরক্ষা প্রাচীরে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, খাদে পড়ে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভালপারাই পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই সাতজন নারী ও একজন পুরুষসহ মোট আটজনের মৃত্যু হয়। পরে পোল্লাচি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষকরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা শিক্ষাসফরে ভালপারাই গিয়েছিলেন এবং ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। খাদ থেকে মরদেহ উদ্ধার এবং আহতদের দ্রুত পোল্লাচি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোয়েম্বাটোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে চালকের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
মানবকণ্ঠ/আরআই




Comments