Image description

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও দ্রুত জামিন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’-তে দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, গত ৭ এপ্রিল গ্রেপ্তারের পর মাত্র পাঁচ দিনের মধ্যে শিরীন শারমিন জামিন পান। তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল বলে তিনি উল্লেখ করেন। এর মধ্যে তিনটি মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে, যেখানে তাকে দোষী হিসেবে উল্লেখ করা হয়নি বলে দাবি করেন তিনি। বাকি তিনটি মামলা এখনো তদন্তাধীন রয়েছে।

মাসুদ কামাল আরও বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেখানে পুলিশ রিমান্ড চেয়েছিল, তবে আদালত রিমান্ড না দিয়ে তাকে কারাগারে পাঠায়। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যেই তার জামিন মঞ্জুর হয় এবং তিনি মুক্তি পান।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রেই জামিনের পরপরই আবার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হচ্ছে, যা বিচার প্রক্রিয়ার স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন তোলে।

তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর উদাহরণ টেনে বলেন, একাধিক মামলায় জামিন পেলেও তাকে বিভিন্ন মামলায় আবার গ্রেপ্তার দেখিয়ে আটক রাখা হয়েছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ হয়রানিমূলক মামলায় জামিন না পেয়ে দীর্ঘদিন কারাগারে থাকছেন। তিনি জামিনকে নাগরিক ও মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের পরিস্থিতি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করছে।

মানবকণ্ঠ/আরআই