দেশজুড়ে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রতীকী কর্মসূচি হিসেবে মোমবাতি বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।
এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ততার দাবি করা হলেও মাঠপর্যায়ে মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকছে। এই বাস্তবতা তুলে ধরতেই তিনি প্রতীকীভাবে মোমবাতি বিতরণ করেছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দারা এ সময় অভিযোগ করেন, দিন দিন লোডশেডিংয়ের মাত্রা বাড়ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি স্থানীয়রা পাম্পে জ্বালানি তেলের সংকটের কথাও তুলে ধরেন।
এদিকে, একই দিনে হাসনাত আবদুল্লাহ খাইয়ার গ্রামের পির্জা বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমের বাড়ি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য তিনি নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments