Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ঘোষিত এই তালিকায় বেশ কিছু নতুন মুখ আসলেও বাদ পড়েছেন দল ও অঙ্গসংগঠনের একঝাঁক হেভিওয়েট নেত্রী ও আলোচিত ব্যক্তিত্ব।

মনোনয়নবঞ্চিত হেভিওয়েটদের মধ্যে সবচেয়ে বড় চমক জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তালিকায় নাম আসেনি দলটির সাবেক সংসদ সদস্য ও আলোচিত নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার। এ ছাড়া বেশ কিছু দিন ধরে আলোচনায় থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপাও সংরক্ষিত আসনে সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন না।

তালিকায় নাম না থাকা অন্যান্য পরিচিত মুখদের মধ্যে রয়েছেন মহিলা দলের সহসভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী, কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং বিএনপির প্রয়াত প্রভাবশালী নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদ। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিএনপিতে যোগ দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং চীন সফর থেকে ঘুরে আসা কণ্ঠশিল্পী বেবি নাজনীনও দলীয় মনোনয়ন পাননি।

রিজভী জানান, দলের জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর মেধা, ত্যাগ ও সাংগঠনিক সক্রিয়তা বিবেচনা করে ৩৬ জনের নাম চূড়ান্ত করেছেন।

মনোনয়ন পেলেন যারা: ঘোষিত তালিকায় ঠাঁই পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

মানবকণ্ঠ/আরআই