Image description

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগেই সপ্তাহে দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সপ্তাহের অন্যান্য কার্যদিবসে অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার আগের মতোই সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলবে। ভার্চুয়াল আদালতের জন্য প্রয়োজনীয় কার্যতালিকা (কজলিস্ট) এবং ভার্চুয়াল মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। এছাড়া সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।

এই নতুন নিয়মটি আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। মূলত রাষ্ট্রীয় খরচ কমানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও পরিবেশবান্ধব করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই