ফুটবল বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা জুড বেলিংহাম এবার নাম লিখিয়েছেন ক্রিকেটের আঙিনায়। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর দল বার্মিংহাম ফিনিক্সের মালিকানায় যুক্ত হয়েছেন। ২০২৬ সালের জানুয়ারিতে সম্পন্ন হওয়া এক চুক্তির মাধ্যমে তিনি দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ পাউন্ড।
বার্মিংহামে বেড়ে ওঠা বেলিংহামের জন্য এই বিনিয়োগ কেবল ব্যবসায়িক নয়, বরং এটি তার শৈশবের শহর ও খেলার প্রতি আবেগের প্রতিফলন। বার্মিংহাম সিটির একাডেমি থেকে উঠে আসা এই তারকা ফুটবলার কিশোর বয়সে স্থানীয় ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন। এমনকি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে একদিনের জন্য পেশা বদল করতে হলে তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে বেছে নিতেন।
বেলিংহামের মালিকানাধীন এই দলেই আগামী মৌসুমে মাঠ মাতাবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ২০২৬ আসরের ড্রাফটে তাকে ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি) দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার প্রথমবারের মতো ‘দ্য হান্ড্রেড’-এ খেলার সুযোগ পেলেন। তবে একই ড্রাফটে থাকা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন কোনো দল পাননি।
বার্মিংহাম ফিনিক্সের মালিকানা কাঠামোতে বেলিংহাম ছাড়াও রয়েছে স্বাগতিক কাউন্টি ওয়ারউইকশায়ার (৫০.৪%) এবং মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট (৪৮.৪%)। আসন্ন আসরে মুস্তাফিজের সতীর্থ হিসেবে থাকবেন ক্রিস ওকস, উসমান কাদির ও ডোনোভান ফেরেইরার মতো তারকারা। পুরুষ দলের অধিনায়কত্ব করবেন জ্যাকব বেথেল এবং নারী দলের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি।
ফুটবল ও ক্রিকেটের এই অনন্য মেলবন্ধন ‘দ্য হান্ড্রেড’-এর বাণিজ্যিক প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পঞ্চম আসরে মালিক হিসেবে বেলিংহাম আর খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমান—এই দুই তারকার উপস্থিতি বার্মিংহাম ফিনিক্সকে আকর্ষণের কেন্দ্রে নিয়ে আসবে।
মানবকণ্ঠ/আরআই




Comments