Image description

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মাদক মামলা থেকে অবশেষে স্বস্তির খবর পেলেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। মুম্বাই পুলিশের তদন্তে তাদের বিরুদ্ধে মাদক সেবন বা পাচারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় এই আলোচিত মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার প্রস্তুতি চলছে।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ও অ্যান্টি-নারকোটিক্স সেল দীর্ঘ তদন্ত শেষে জানিয়েছে যে, শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার কোনো দৃঢ় প্রমাণ মেলেনি। ফলে মামলার পরবর্তী সম্পূরক চার্জশিটে তাদের নাম না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু এই দুই অভিনেত্রীই নন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামনি (ওরি), অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিককেও এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

এই মামলার সূত্রপাত হয় ২০২২ সালের আগস্টে, যখন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সোহেল শেখ নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার কাছ থেকে প্রায় ১ লাখ ১৯ হাজার রুপি মূল্যের মাদক জব্দ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় ওই মাদক বিক্রেতা দাবি করেন যে, তিনি বেশ কিছু হাই-প্রোফাইল পার্টিতে মাদক সরবরাহ করেছেন, যেখানে তারকাদের উপস্থিতির কথা উল্লেখ ছিল।

২০২৫ সালে তদন্তের অংশ হিসেবে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ অনুসন্ধানেও তাদের বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

বর্তমানে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই আদালতে সম্পূরক চার্জশিট জমা দেওয়া হবে, যেখানে তারকাদের নাম বাদ দিয়ে মূল অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

মানবকণ্ঠ/আরআই