দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে। এর মধ্যে ৪ হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ২১৬ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যাদের একটি বড় অংশই শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের এই ঊর্ধ্বগতির পেছনে অন্যতম প্রধান কারণ হলো হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। শয্যা সংকটের কারণে অনেক সময় আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে, যা সংক্রমণকে আরও ত্বরান্বিত করছে। আইসোলেশন নিশ্চিত করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ২১ হাজার ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৭ হাজার ৯৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া সময়মতো টিকা গ্রহণই এই রোগ প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় বলে তারা স্মরণ করিয়ে দেন।
মানবকণ্ঠ/আরআই




Comments