Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধের অবসানে ৩ স্তরের একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসতে চায়, তবে এই প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ইরানের ৩ স্তরের প্রস্তাবগুলো হলো:

প্রথম পর্যায়: প্রথমেই যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেই সঙ্গে ইরান এবং লেবাননের ওপর আর কোনো আগ্রাসী হামলা চালানো হবে না—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই নিশ্চয়তা দিতে হবে।

দ্বিতীয় পর্যায়: প্রথম স্তরের দাবি মানা হলে দ্বিতীয় ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ 'হরমুজ প্রণালি'র ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা হবে। উভয় পক্ষকে এই নৌপথের নিরাপত্তা ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে।

তৃতীয় পর্যায়: প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলে এবং সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছালে, তৃতীয় পর্যায়ে ইরানের আলোচিত পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

ইরানের এই প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস জানিয়েছেন, এটি একটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয় এবং যুক্তরাষ্ট্র এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র এমন চুক্তিতেই রাজি হবে যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবে না।

এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক ব্যর্থ হয়। এরপর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি তার প্রতিনিধি দলকে পুনরায় দীর্ঘ ফ্লাইটে পাঠাতে আগ্রহী নন এবং এখন থেকে সব আলোচনা ফোনকলেই হবে।

ট্রাম্পের এমন অবস্থানের পরই ইরান এই নতুন প্রস্তাবটি দিলো। গত রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ওমান ও পাকিস্তান সফর শেষ করে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। কূটনৈতিক মহলে আলোচনা চলছে, ইরানের এই নতুন প্রস্তাব মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কতটুকু কার্যকর হবে।

সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন

মানবকণ্ঠ/আরআই