Image description

আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ‘শলাপরামর্শ’ করতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও মস্কোর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে আরও জোরালো করা এবং বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে অভিন্ন অবস্থান নির্ধারণ করাই এই সফরের মূল লক্ষ্য। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনা এবং চলমান বৈশ্বিক রাজনৈতিক মেরুকরণ নিয়ে পুতিনের সঙ্গে আরাঘচির বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

বৈঠকের গুরুত্ব তুলে ধরে আব্বাস আরাঘচি বলেন, "বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। দুই দেশের এই আলোচনা চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আরাঘচির এই সফর ইরান-রাশিয়া সম্পর্কের এক নতুন উচ্চতা নির্দেশ করছে। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকট—উভয় ক্ষেত্রেই রাশিয়া ও ইরান একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং পশ্চিমা শক্তিগুলোর ওপর কূটনৈতিক ও সামরিক চাপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মানবকণ্ঠ/আরআই