Image description

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এবং আঞ্চলিক অস্থিরতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কূটনৈতিক সফরে বের হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তান ও ওমান সফর সফলভাবে শেষ করার পর তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

ইরানের মেহর সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের উদ্দেশ্যে মস্কো পৌঁছেছেন আরাঘচি। সেখানে তিনি বলেন, "আমার এই রাশিয়া সফর বর্তমান যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা এবং দুই দেশের কৌশলগত অবস্থান সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ দেবে।" 

মূলত আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেমলিনের সাথে তেহরানের অবস্থান সুসংহত করাই এই সফরের মূল লক্ষ্য।

এর আগে ইসলামাবাদে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেন আরাঘচি। তবে এর পূর্ণাঙ্গ সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন যে, ওয়াশিংটনের পক্ষ থেকে আসা "অতিরিক্ত এবং অযৌক্তিক দাবির" কারণে আলোচনাটি চূড়ান্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

ওমান সফরকালে মন্ত্রী বলেন, ইরান ও ওমান হরমুজ প্রণালীর উপকূলীয় রাষ্ট্র, তাই তাদের অবশ্যই অভিন্ন স্বার্থ রক্ষা করতে হবে। তিনি এই জলপথ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার গুরুত্বের কথাও উল্লেখ করেন।